স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না, এ জন্য জনগণ, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ সব স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সদস্যদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
পুলিশকে ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন প্রক্রিয়া ভুলে যেতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করব নির্বাচন শান্তি ও উৎসবমুখর হবে। অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।
রাজনৈতিক দলের কাছ থেকে পুলিশকে দূরে থাকার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধৈর্য্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সকল বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।
যত বাধাই আসুক না কেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং করা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।